
বর্তমানে সড়কে যারা বিক্ষোভ করছেন, তাঁদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে, সেগুলোও অল্প সময়ের মধ্যে পুনরায় চালু করা হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড গঠনের বিষয়ে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। এই খাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ দেওয়া হবে না।