
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে খুলনায় নির্বাচনি জনসভায় যোগ দিতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে খুলনায় আগমন করেন তিনি। খুলনা নগরের খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
দলীয় সূত্র জানায়, জনসভায় বৃহত্তর খুলনা অঞ্চলের ১৪ জন বিএনপি প্রার্থী ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। দলের নেতারা আশা করছেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও আশেপাশের জেলার বিশাল সংখ্যক মানুষ সমাবেশে অংশ নেবেন।
বিএনপি নেতাদের বরাত দিয়ে জানানো হয়েছে, জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন, বন্ধ থাকা মিল ও কারখানাগুলোর পুনরায় চালু করা, গ্যাস সংযোগ, সুন্দরবনভিত্তিক পর্যটন, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন স্থাপন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
খুলনার সভা শেষে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। আনুমানিক দুপুর দেড়টার দিকে যশোর পৌঁছে ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। এটি তারেক রহমানের যশোরে প্রথম জনসভা।
যশোর জেলা বিএনপি জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শহরের বাইরে সমাবেশটি আয়োজিত হয়েছে। সমাবেশে যশোরবাসীর বিভিন্ন দাবি তুলে ধরা হবে, বিশেষ করে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তা আলোকপাত করা হবে।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোরে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সাংগঠনিক প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।