
জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, চলতি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে না এবং নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সারাদেশে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। আজও ঢাকা-১৭ আসনে একদল ব্যাংক কর্মকর্তা একজন প্রার্থীর জন্য মিছিল করছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ইসিকে এসব নিয়ে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
এছাড়া তিনি জামায়াতের শীর্ষ নেতাদের আইডি হ্যাকের অভিযোগও তুলেছেন। তাঁর বক্তব্য, “রাষ্ট্রপতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ার আলম জামায়াত আমিরের আইডি হ্যাকিংয়ে সম্পৃক্ত বলে ডিবি জানিয়েছে। আমাদের সাইবার টিম সেই কারণে তার নামে মামলা করতে গিয়েছে।”
জুবায়ের আরও জানান, “পরিকল্পিতভাবে ভারতের ম্যালওয়্যার ব্যবহার করে একটি মহল জামায়াতের শীর্ষ নেতাদের আইডি হ্যাক করছে।”
এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ারে আলম, যিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। জামায়াত আমিরের ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে বিতর্কিত পোস্ট ইস্যুর পর গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতেই তাকে আটক করা হয়।