
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দলটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে ভাষণ সম্প্রচারের অনুমতির জন্য আবেদন জমা দিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানান, “নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নাহিদ ইসলামের বক্তব্য জনগণের কাছে পৌঁছে দিতে এই অনুমতি চাওয়া হয়েছে। আমরা আজ নির্বাচন কমিশনে আবেদন করেছি, এখনও নির্দিষ্ট সময় বা ‘স্লট’ বরাদ্দ দেয়া হয়নি। তবে আশা করছি, দ্রুত এটি নির্ধারণ করে আমাদের জানানো হবে।”
এর আগে, জামায়াত আমিরের নির্বাচনী ভাষণও রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে সম্প্রচারের জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিইসির কাছে অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। এনসিপি সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় নাহিদ ইসলামের ভাষণ প্রদানের পরিকল্পনা নিয়েছে।