
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কড়াইল বস্তির জামাইবাজার মাঠে ‘চেতনার বাংলাদেশ’ আয়োজন করা এক অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, “আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলে দেশ একজন দক্ষ প্রধানমন্ত্রী পাবেন এবং একজন সমাজ ও অর্থনৈতিক সংস্কারকও পাবেন। তার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্যসহ সকল খাতে উন্নয়ন এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান জনগণের ম্যান্ডেট পেলে ঢাকা-১৭ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।”
হুমায়ুন কবির উল্লেখ করেন, “ভবিষ্যৎ বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকারভিত্তিক। সেখানে শুধু ক্ষমতাবানদের সন্তান নয়, সাধারণ মানুষের সন্তানরাও মন্ত্রী বা এমপি হওয়ার সুযোগ পাবেন।”
তিনি কড়াইলবাসীর প্রতি আহ্বান জানান, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।”
এদিকে, চেতনা বাংলাদেশ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম জানান, আজ থেকে কড়াইল এলাকায় ফ্রি ওয়াইফাই চালু করা হয়েছে। এতে স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন।
ফয়সাল সালাম বলেন, “চেতনা বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করছে। শুধু ঢাকা-১৭ নয়, করোনাকালীন সময়ে ও দেশের বিভিন্ন সংকটে সংগঠনটি নানা সামাজিক উদ্যোগ নিয়েছে। এই ফ্রি ওয়াইফাই সেবা পর্যায়ক্রমে পুরো কড়াইল এবং ভবিষ্যতে পুরো ঢাকা-১৭ আসনে সম্প্রসারণ করা হবে।”
তিনি আরও জানান, সম্প্রতি কড়াইলের স্থানীয় দলগুলোকে নিয়ে টিএনটি মাঠে একটি ফুটবল টুর্নামেন্টও আয়োজন করা হয়েছিল। এছাড়া বনানী লেক পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা ও আরও কিছু উন্নয়নমূলক কাজ আগামী দিনে হাতে নেওয়া হবে। ফয়সাল সালাম আশা প্রকাশ করেন, তারেক রহমান নির্বাচিত হলে এলাকার পরিবেশ ও জীবনমানের ব্যাপক পরিবর্তন দেখা যাবে।