
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি জামায়াতে ইসলামী সরকার গঠন করতে সক্ষম হয়, তবে জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে আয়োজিত জনসভায় তিনি এই ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, “নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। তাই মায়ের কাছে মাসির গল্প করব না। সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই আপনারা দেখবেন, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। নাহিদদের বিমানের সামনে ককপিটে রেখে পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনো ভুল বা ভ্রান্ত আশ্বাস দেবে না, যা আছে তাই দিয়ে দেশ গড়বে।
বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের জনসভায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের গোলামকে লাল কার্ড দেখাবে। বিএনপির নাটে-ঘাটে সব কার্ড ভুয়া। এই কার্ডকে ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে।”
শফিকুর রহমান আরও উল্লেখ করেন, “৪৭ ও ৭১ সালে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২৪ সালে সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই-আগস্টে ঘটনা ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে।”