
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ভোট কেন্দ্রের চারশ মিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিল না করলে ইলেকশন কমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, "ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, ৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না, আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি–বিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।"
তিনি আরও সতর্ক করে বলেন, "ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করলে; ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে যেই অবস্থা হয়েছিল তার চাইতেও ভয়াবহ হবে।"
এনসিপির আহ্বায়ক দাবি করেন, অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনের বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু অন্যদের বিজ্ঞাপন নিচ্ছে না। তিনি বলেন, "আপনাদের ভাবা উচিত, কাজটা কতটুকু নৈতিক হচ্ছে। বিজ্ঞাপন লাগলে আমরাও দিবো। আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে। জনগণ আমাদের পক্ষে আপনাদের দিবে। আপনারা একটি দলের মার্কা প্রচার করছেন, আপনারা অন্য দলের মার্কা প্রচার করছেন না। এটা তো ফেয়ার হচ্ছে না।"