
দেশের তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে সারাদেশে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি বিদেশে যেতে আগ্রহীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে আর কাউকে জমি বা ভিটেমাটি বিক্রি করতে না হয়।
সোমবার ৯ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, "দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে।" তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবে, স্বাবলম্বী হবে এবং বেকারত্ব কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
বক্তব্যে তিনি বিদেশগামী শ্রমিকদের আর্থিক দুর্ভোগের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তারেক রহমান বলেন, "আমাদের দেশের মানুষ বিদেশে যাওয়ার আগে অর্থের তীব্র সংকটে পড়েন।" তিনি আরও উল্লেখ করেন, "অনেককেই ভিটেমাটি বা জমিজমা বিক্রি করে প্রবাসে পাড়ি জমাতে হয়, যা একটি পরিবারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।"
এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, "বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।" তিনি ব্যাখ্যা করেন, এই ঋণের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রাথমিক খরচ মেটানো সম্ভব হবে এবং পরবর্তীতে প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে তা পরিশোধ করা যাবে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি।