
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাফল্যকে তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান। পোস্টে তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ট্যাগও করা হয়।
বিজয়োত্তর বার্তায় নরেন্দ্র মোদী বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) এক নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই। এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার বহিঃপ্রকাশ।"
দুই দেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারত পাশে থাকবে।
বার্তায় তিনি আরও বলেন, "আমি আমাদের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়নের লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার প্রত্যাশা করছি।"