
নির্বাচনে বেসরকারিভাবে জয় ঘোষণার একদিনের মাথায় হেলিকপ্টারে ঢাকার পথে রওনা হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী এলাকা গলাচিপা হেলিপ্যাড মাঠ থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও দুই সন্তান।
নুরকে বিদায় জানাতে হেলিপ্যাড মাঠে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, গণ অধিকার পরিষদের সদস্যসচিব জাকির মুন্সিসহ বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
নির্বাচনের পরপরই তার ঢাকায় যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম বলেন, নুর ভাই দীর্ঘদিন বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত থাকা এবং এই নির্বাচনে রাত দিন শ্রম দেওয়ায় আগের অসুস্থতা আবারও দেখা দিয়েছে। তাছাড়া নির্বাচনের কারণে দীর্ঘদিন গণঅধিকার পরিষদ দলের কেন্দ্রীয় কর্যক্রম বিঘ্ন ঘটায় তিনি ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন।