
ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচিত প্রার্থী মির্জা আব্বাস-এর শপথ গ্রহণ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) পাটওয়ারীর পক্ষে আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার বরাবর শনিবার লিখিত এ আবেদন করেন পাটওয়ারী।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১২টি ভোটকেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তার দাবি, এসব অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফল প্রভাবিত হয়েছে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো নানা অনিয়মে জড়িত ছিলেন।
পাটওয়ারীর অভিযোগ, একপর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার ও আসনের রিটার্নিং কর্মকর্তাও অনিয়মে জড়িয়ে পড়েন। এসব কারচুপির মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এবারের নির্বাচনে শুরু থেকেই আলোচনায় ছিল ঢাকা-৮ আসন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৩৯৬ ভোট।
এ বিষয়ে মির্জা আব্বাস বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপরই এখন নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।