
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বর্তমানে কারাবন্দি থাকা সত্ত্বেও তার সমর্থকরা নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন। ব্যারিস্টার সুমনের সমর্থকরা তাকে ‘অকুতোভয় জননেতা’ হিসেবে উল্লেখ করে দাবি করছেন, তিনি হত্যা, জেল-জুলুম, লুণ্ঠন ও মব জাস্টিসের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর।
সমর্থকরা বলেন, “সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেও তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার লড়াইয়ে নামেছেন।”
ব্যারিস্টার সুমন বর্তমানে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় কারাগারে রয়েছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।