
বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেছেন, আদালতকে ব্যবহার করে জনমতের বিরুদ্ধে অবস্থান তৈরি করার চেষ্টা করছে বিএনপি।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর পল্টনের একটি হোটেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংবিধানই যদি মানেন, তাহলে এখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই ইলেকশানও সংবিধানে ছিল না, ইন্টেরিম সরকারও ছিল না।’
এ সময় তিনি নির্বাচনকে কেন্দ্র করে নানা অভিযোগও উত্থাপন করেন। নির্বাচন প্রকৌশলের অভিযোগে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।
গোলাম পরওয়ারের দাবি, নির্বাচনের পর যে তথ্যগুলো প্রকাশ্যে আসছে সেগুলো উদ্বেগজনক। তার ভাষায়, রিজওয়ানা হাসানের বক্তব্য থেকেই বোঝা যায় যে তিনি নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারেন।
এর আগে সোমবার (২ মার্চ) চ্যানেল ওয়ানের একটি অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, ‘একটা শক্তি আছে, সেই শক্তি আগেও নারী নীতি বদলে দিয়েছে।’
পরে প্রশ্নকারী যখন মন্তব্য করেন যে সেই শক্তির একটি অংশ এখন বিরোধী দলে রয়েছে, তখন রিজওয়ানা হাসান বলেন, ‘সেই শক্তির একটা পার্ট যদি বিরোধীদল হয়েও থাকে, আপনার আমার কাজ হবে, তাদের রাজনীতির যে অংশটা নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহনের বিরুদ্ধে, সেটুকু নিয়ে কাজ করা। কখনও যেন এ জাতীয় শক্তি মেইনস্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, আমরা তাদের মেইনস্ট্রিম হতে দেইনি।’