
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই নেতাকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন জামায়াত আমির। সেখানে তিনি চিকিৎসাধীন নেতার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং হাসপাতালে উপস্থিত মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন।
এ সময় ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চলমান চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
জামায়াত আমিরের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।