
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে হেফাজতে নেয়।
সফুরা বেগম রুমী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি আইনি পেশায়ও সক্রিয় ছিলেন এবং লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। এছাড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে।
রাজধানী থেকে গ্রেপ্তারের পর তাকে লালমনিরহাটে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।