
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় সুবর্ণা শিকদার (ঠাকুর) নাম থাকায় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কারণ, স্থানীয় আওয়ামী লীগের কমিটিতে তার নাম থাকার তথ্য সামনে এসেছে।
সোমবার (২০ এপ্রিল) বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। এতে ২০ নম্বরে রয়েছে সুবর্ণা শিকদার (ঠাকুর)-এর নাম।
এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে সুবর্ণা ঠাকুরের নাম রয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র অনুযায়ী, ২০২২ সালের ৩০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পর ২০২৩ সালের ১ জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সুবর্ণা ঠাকুর দাবি করেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম স্বইচ্ছায় রাখা হয়নি। অনুমতি ছাড়াই তাকে পদ দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আওয়ামী লীগের কোনো রাজনীতিতে আমি সক্রিয় ছিলাম না।”
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে বলে দাবি উঠেছে।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদে ছিলেন। এখন তিনি তা অস্বীকার করলে সেটি সঠিক হবে না।
সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন নারী। তিনি ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য এবং পেশায় শিক্ষক বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।