
নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক ডিগবাজি নিয়ে বুধবার (১৩ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। সেখানে তিনি অভিযোগ করেন, নাসীরুদ্দীন অতীতে জামায়াতে ইসলামীকে কঠোর ভাষায় গালিগালাজ করলেও এখন সেই দলের সঙ্গেই মিতালি করছেন এবং বিএনপির সমালোচনা করছেন।
জামায়াত নিয়ে নাসীরুদ্দীনের সেই ৬ অভিযোগ
রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন যে, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে জামায়াতে ইসলামীকে নিয়ে নিম্নলিখিত ছয়টি মন্তব্য করেছিলেন:
১. জামায়াতে ইসলামী ভারতের এক্সটেনশন।
২. তারা সংস্কারের নামে ভণ্ডামি করছে।
৩. তারা মুনাফেকের দল।
৪. ধর্মের নামে তারা চেতনার ব্যবসা করছে।
৫. জামায়াতের মুখে এক আর অন্তরে অন্য কিছু।
৬. জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না; কারণ তাদের রাজনৈতিক দর্শন বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থি।
‘গাঁজা সেবন না করলে এটি সম্ভব নয়’
একটি রাজনৈতিক দল সম্পর্কে এত নেতিবাচক মন্তব্য করার পর পুনরায় সেই দলের সমর্থন নিয়ে নির্বাচন করার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাশেদ খান। তিনি ব্যাঙ্গাত্মক সুরে বলেন, গাঁজা সেবন না করলে এমন আচরণ করা সম্ভব নয়। তিনি এনসিপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আমি এনসিপিকে বলবো, দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন। অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে, আর এর প্রতিক্রিয়ায় আবোলতাবোল বকছে.. না জানি আবার জামায়াতে যোগদান করে এনসিপিকে নিয়ে কি বলা শুরু করে যে, এনসিপি জাতির সঙ্গে গাদ্দারি করা শুরু করেছে…!"
শিবির না বাম? নাসীরুদ্দীনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
নাসীরুদ্দীন পাটওয়ারীর অতীত রাজনৈতিক পরিচয় নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন এই বিএনপি নেতা। তিনি জানান, নাসীরুদ্দীন এখন নিজেকে সাবেক ‘শিবিরের সাথী’ দাবি করে পডকাস্টে প্রচারণা চালাচ্ছেন। অথচ ক্যাম্পাস জীবনে তাকে বামপন্থি রাজনীতি করতে দেখা গেছে। রাশেদ খানের ভাষ্যমতে, "একজন লোক শিবির থেকে বাম হয় কিভাবে?"
রাশেদ খান জামায়াতে ইসলামীর বর্তমান অবস্থান নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, যে ব্যক্তি দলটিকে নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন, সেই নাসীরুদ্দীনই এখন তাদের কাছে ‘আইডল’ হয়ে উঠেছেন। রাজনৈতিক এই ভোলবদল এবং পরস্পরবিরোধী অবস্থানের কারণে সাধারণ কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।