
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও তা সাধারণ মানুষের প্রত্যাশা ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ অভিযোগের ভিত্তিতেই রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
হামিদুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেট মূলত ঋণনির্ভর। প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি কীভাবে পূরণ করা হবে, সে বিষয়ে সরকার কোনো স্পষ্ট দিকনির্দেশনা দিতে পারেনি।
তিনি আরও বলেন, সরকার এ বাজেটে কোনো নীতিগত সংস্কারের রূপরেখা উপস্থাপন করতে পারেনি। ফলে এটি গতানুগতিক ধারার একটি সাধারণ বাজেট। তাঁর ভাষ্য, বাজেটটি গরিব ও মধ্যবিত্ত মানুষের স্বার্থ বিবেচনায় নয়; বরং একটি বিশেষ ধনী শ্রেণির সুবিধার কথা মাথায় রেখে প্রণয়ন করা হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান সংকট এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে কার্যকর উদ্যোগ না থাকায় এই বাজেট জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর প্রদক্ষিণ শেষে শেষ হয়।