
জাতীয় সংসদে নিজের জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে উল্লেখ করায় দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এ সময় তিনি বলেন, তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।
তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে তার নির্বাচনী হলফনামার তথ্য সামনে আসে। সেখানে দেখা যায়, আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, যা মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর। ফলে তার ‘শহীদ সন্তানের’ দাবি নিয়ে প্রশ্ন ওঠে।
এছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম বর্তমানে জীবিত এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে বসবাস করছেন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমপি আব্দুল মুনতাকিম বলেন, “সংসদ অধিবেশন চলাকালীন আমি অসুস্থ ছিলাম। মাথায় প্রচণ্ড ব্যথা ছিল। সংসদে ঠিক কী বলেছি, তা বুঝতে পারিনি।”
তিনি আরও বলেন, “আসলে আমার বাবা জীবিত আছেন। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমার দাদা ও চাচা। সংসদে ভুল কিছু বলে থাকলে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।