
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৩ জুন) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানান।
বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থি। তারা অভিযোগ করে বলেন, ধানমন্ডি-৩২ এলাকায় কর্তব্যরত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী, আব্দুর রহমান ইশানসহ প্রায় ২৫ জন গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় হামলা ও লাঞ্ছনা চালিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
ছাত্রদল নেতারা আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে ভিন্নমত সহ্য করার মানসিকতা নেই এবং জামায়াত দেশকে একটি অসহিষ্ণু ও উগ্র রাজনৈতিক পরিবেশের দিকে ঠেলে দিতে চায়। তাদের ভাষায়, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি কোনো ধরনের শ্রদ্ধাবোধ নেই বলেই এমন ঘটনা ঘটেছে।
তারা আরও বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ছাত্রদলের পক্ষ থেকে।