
ঢাকাজুড়ে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিও ও বিভিন্ন অভিযোগের ঘটনায় এবার আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর দলের নজরে এসেছে। বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্যের পাশাপাশি তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্যও প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
এর আগে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে একটি বাসায় স্থানীয়দের হাতে আটকের দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি ভিডিওতে থাকা ওই নারীকে নিজের ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি করেন। একই দাবি করেন তার প্রথম স্ত্রীও। পরে ওই নারীর বাবাও জানান, গত ১৭ জুন তাদের বিয়ে হয়েছে।