
গ্যাসের মূল্য আরেক দফা বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের ব্যবধানে কয়েক দফায় জ্বালানির দাম বাড়িয়েছে। অথচ গ্যাস সরবরাহ না থাকলেও প্রতি মাসে গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আহত আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আগামীকাল (শনিবার) বোর্ড মিটিংয়ের পরে আলিফের স্বাস্থ্যের ব্যাপারে জানাবেন চিকিৎসক।’
হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক কিংবা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তার ভাষ্য, ‘সরকার বার্তা দিলো, ছাত্রদল যুবদল চাইলে যে কাউকে মারতে পারে তার কোন প্রতিবাদ হয় না। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়।’
তিনি আরও অভিযোগ করেন, ‘সন্ত্রাস চাদাবাজ ও দখলদারিত্বে চারদিকে ছেয়ে গিয়েছে। ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে।’ তবে তিনি কোন ১২টি প্রতিষ্ঠানের কথা বলেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেননি।
সরকারকে সতর্ক করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকার খুব শিগগিরই জনগনের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। জনগণ যাতে প্রস্তুত হয়, সরকারের এমন আচরণ আমরা কখনোই মেনে নিব না।’
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। অভিযোগ করে তিনি বলেন, ‘তারেক রহমান দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন।’