
বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ‘অশালীন বক্তব্য’ দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যানের আহ্বানও জানানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি। রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় প্রতিপক্ষের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা এবং শালীন ভাষা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন সলিম উল্লাহ সেলিম। পাশাপাশি নেতাকর্মীদের জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।
এর আগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরের কোনো এলাকায় অবাঞ্ছিত ঘোষণার ঘটনা এবার দ্বিতীয়বার ঘটল। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।