
সৌদি আরবের সঙ্গে উত্তেজনা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সৌদি আরবের সাম্প্রতিক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে সমুদ্রপথে অবরোধ, সৌদি সামরিক স্থাপনায় হামলা এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষাকে নিজেদের প্রধান নীতি হিসেবে তুলে ধরেছে গোষ্ঠীটি। খবর মিডল ইস্ট আইয়ের।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ২০ জুলাই থেকে সৌদি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর এখন পর্যন্ত সৌদি তেলবাহী আটটি জাহাজে হামলা চালানো হয়েছে। এর মধ্যে পাঁচটি হামলা হয়েছে লোহিত সাগরে, আর বাকি তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে।
ইয়াহিয়া সারির দাবি, হুথিদের হুমকির কারণে ৪৮টি সৌদি তেলবাহী জাহাজকে তাদের যাত্রাপথ থেকে ফিরে যেতে হয়েছে। এসবের মধ্যে ৩৪টি আরব সাগর ও ভারত মহাসাগর থেকে এবং ১৪টি লোহিত সাগর থেকে ফিরে যায়।
তিনি আরও দাবি করেন, সৌদি আরবের ইয়ানবু, নাজরান, জিজান ও আবহা এবং দেশটির পূর্বাঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থায় মোট নয়টি হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আল-রুওয়াইক, আল-আবর, আল-ওয়াদিয়াহ, মারিব ও আল-মাখা এলাকায় সৌদি সামরিক অবস্থান লক্ষ্য করে আরও ১৪টি অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
হুথিদের এই সামরিক মুখপাত্র সতর্ক করে বলেন, ‘বড় ধরনের সংঘাত শুরু হলে তার জবাবও বড় ধরনের সংঘাত দিয়েই দেওয়া হবে।’
হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে অবরোধ প্রত্যাহার, ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ, সরকারি কর্মীদের বেতন পরিশোধ, বিদেশি সেনাদের প্রত্যাহার এবং ইয়েমেনের প্রাকৃতিক সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণ ইয়েমেনিদের হাতে ফিরিয়ে দেওয়া।