
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য গড়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
তিনি বলেন, এসব সংগঠন নিষিদ্ধ করা না হলে দেশে উগ্রবাদ আরও বিস্তার লাভ করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নুরুল হক। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। প্রয়োজন হলে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া উচিত।
তিনি বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করা হলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ বলেছে, আল-কায়েদা বাংলাদেশকে লক্ষ্যবস্তু করতে পারে। জামায়াত-শিবিরের মাধ্যমে তারা এ ধরনের কর্মকাণ্ড চালাতে পারে। জামায়াত-শিবির অস্ত্র পরিচালনাকারী ক্যাডার তৈরি করে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত-শিবির মজলুম থাকলেও গত ছয় মাসে তারা জালেম সংগঠনে পরিণত হয়েছে উল্লেখ করে নুরুল হক বলেন, উগ্রবাদী এই গোষ্ঠীকে এখন থেকেই প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। তা না হলে তারা ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে এবং সমাজ ও দেশের জন্য ক্ষতি বয়ে আনবে।
জামায়াত-শিবির ও আওয়ামী লীগ একই ধরনের ফ্যাসিস্ট বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি। তার দাবি, আওয়ামী লীগ সুযোগ পেয়ে ফ্যাসিস্টে পরিণত হয়েছে। অন্যদিকে জামায়াত-শিবির সুযোগ না পেয়েও যে ধরনের তাণ্ডব চালিয়েছে, তাতে তাদের অতীতের রগকাটা, ধর্ষণ ও দখলদারত্বের ইতিহাস সামনে এসেছে।
বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করে জামায়াত রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে বলেও অভিযোগ করেন নুরুল হক। তিনি বলেন, জামায়াত ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখলে নেওয়ার চেষ্টা করছে। এসব প্রতিষ্ঠানে তাদের লোকজনকে শেয়ার দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
নুরুল হক বলেন, প্রকৃতপক্ষে তারা ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা চায়। তাদের কোনোভাবেই সেই সুযোগ দেওয়া যাবে না। সুযোগ পেলে তারা জাতির জন্য ভয়ংকর বিপর্যয় ডেকে আনবে।
ওয়াজ ও জুমার খুতবায় আমির হামজার বক্তব্যের সমালোচনা করে নুরুল হক বলেন, বক্তব্যে বিদ্বেষ, বিভাজন ও কুরুচিপূর্ণ বিষয় থাকলে জনগণকে তা প্রতিহত করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আমির হামজার পক্ষে দলটির দেওয়া বিবৃতিরও সমালোচনা করেন নুরুল হক। তার দাবি, এর মাধ্যমে প্রমাণ হয় যে আমির হামজার বিকৃত মানসিকতাকে জামায়াত সমর্থন করছে।
তিনি বলেন, আমির হামজা, সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামসহ জামায়াতের নেতা-কর্মীদের কর্মকাণ্ডে দলটির নৈতিক অধঃপতন প্রমাণিত হয়েছে। এসব কর্মকাণ্ডের পরও জামায়াত নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করলে তা প্রহসনে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বানও জানান নুরুল হক।
গণ অধিকার পরিষদের সভাপতি আরও দাবি করেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই জামায়াতে ইসলামী ছয় মাস না যেতেই বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার শুরু করেছে। তার অভিযোগ, রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব বিস্তারের লক্ষ্যেই দলটি সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।