
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন। সেই নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিবাদ করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা নারীদেরও নিপীড়নের শিকার হতে হয়েছে।
নারীদের ওপর হামলাকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে রিজভী বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা একটি ঘৃণ্য অপরাধ।
জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক বিষয়। এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে এ সংকট সমাধান করা সম্ভব নয়। গ্যাসের সংকটও ধীরে ধীরে ঠিক হয়ে আসবে।
তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন।