
জামায়াতে ইসলামীসহ বিরোধী মত মোকাবিলায় সরকারের একটি অংশ ‘রিফাইন আওয়ামী লীগ’কে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাত না থাকলে আওয়ামী লীগ কীভাবে সারাদেশে মিছিল করে?’ তিনি প্রশ্ন করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নেই। কিন্তু সরকার আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।