
বিএনপি কোনো ‘পাতানো’ বা ‘মিডনাইট’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ শীর্ষক এ সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।
রিজভী বলেন, মানুষের কল্যাণ ও নিরাপত্তার জন্য বিএনপি কাজ করছে। দেশকে যারা ঔপনিবেশিক করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ওলামা দল ও বিএনপি একসঙ্গে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি এবং রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাসীর কাছে বিষয়গুলো তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে বিএনপি সরকার কাজ করছে। বাংলাদেশে স্বাধীনতাবিরোধী বা গণতন্ত্রবিরোধী কোনো শক্তির স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।