
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীতে নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, মেজর (অব.) আখতারুজ্জামানকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বিমানবন্দর থানা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভ
গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন আখতারুজ্জামান। সেখানে তিনি জানান, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং বিষয়টি সবাইকে জানিয়ে রাখছেন।
লাইভে তিনি বলেন, দেশের মানুষ ও প্রবাসীদের জন্য যেন তিনি শহীদ হতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া চান। আল্লাহ যেন তার সেই আহ্বান কবুল করেন বলেও তিনি মন্তব্য করেন।
ফেসবুক লাইভে আখতারুজ্জামান আরও বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তিনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। জীবিত থাকা পর্যন্ত জনগণের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।