
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন না হওয়ার পেছনে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
গোলাম পরওয়ারের দাবি, বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করায় রাজনৈতিক কারণে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশনা ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বিমানবন্দরে ট্রলি না পাওয়া, লাগেজ পেতে দীর্ঘ সময় লাগাসহ বিভিন্ন অনিয়ম নিয়ে আখতারুজ্জামান কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলেন। এরপর তার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হয়। গোলাম পরওয়ারের ভাষ্য অনুযায়ী, জামিনযোগ্য মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।
আখতারুজ্জামানকে আদালতে হাজির করার ধরন নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ৭৫ বছর বয়সী সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়েছে। তার মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট উপস্থাপনের পরও ডিভিশন দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার আরও দাবি করেন, আখতারুজ্জামান অসুস্থ হলেও কারাগারে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এসব ঘটনার পেছনেও রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীরা আখতারুজ্জামানের আইনজীবী, জামায়াতের নেতাকর্মী ও তার স্বজনদের ওপর হামলা করেছেন বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার।
আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে দাবি করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।