
শেখ হাসিনার শাসনামলে গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি সংকুচিত হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘আইডিয়া ফেস্ট’-এর চূড়ান্ত পর্বে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, এমন সময়ও গেছে, যখন কথা বলা অত্যন্ত কঠিন ছিল। সেই পরিস্থিতিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন যে কাজ করেছে, তা অভূতপূর্ব।
তিনি বলেন, অতীতের অনেক স্বৈরাচারী শাসনামলেও বিশ্ববিদ্যালয়গুলোতে ন্যূনতম মতপ্রকাশের সুযোগ ছিল। কিন্তু শেখ হাসিনার আমলে সেই পরিসরও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। কোথাও ‘ইঞ্চি খানেক’ গণতান্ত্রিক পরিসর অবশিষ্ট ছিল না।
তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন নিয়ে পরিকল্পনার কথা বলেছেন। তরুণদের প্রশ্ন করার সুযোগ তৈরি করা গেলে সেখান থেকেই পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় উপাদান পাওয়া যাবে। তরুণদের সম্পৃক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, তরুণদের উদ্বুদ্ধ করতে সংগঠনটি বহুমাত্রিক কাজ করছে। নানা বাধা সত্ত্বেও স্বৈরাচারী শাসনামলে সংগঠনটি তরুণদের নিয়ে কাজ চালিয়ে গেছে।