
গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পুনরায় জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।
আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তিনি বলেন, ‘জয় বাংলা দাবিয়ে রাখা যাবে না।’
আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। জানা গেছে, হাইকোর্ট থেকে তিনি তার সব মামলায় জামিন পেয়েছেন।
মামলায় শামীম ওসমান প্রথম, আইভী ১১ নম্বর আসামি
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশাচালক তুহিন নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর এবং ডা. সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলা আদালতে পৌঁছান আইভী। পরে পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও সমর্থক ছিলেন।
পুলিশি প্রতিবেদনে সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি
আদালতে শুনানির সময় আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মামলাটিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি এবং হত্যাকাণ্ডে আইভীর সংশ্লিষ্টতার প্রমাণও মেলেনি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, আদালতের নোটিশ দেওয়া সত্ত্বেও মামলার বাদী ও নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম হাজির হননি। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের আবেদন জানানোর পাশাপাশি আইভীর পুনরায় জামিন চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী
আইভীর জামিনের বিরোধিতা করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন জানান, এ জামিনের বিরুদ্ধে নারাজি পিটিশন দেওয়া হবে।
এর পরিপ্রেক্ষিতে আইভীর আইনজীবী আওলাদ হোসেন ও আসামিপক্ষের অন্য আইনজীবীরা প্রশ্ন তোলেন, কোন আইনি বিধানের আওতায় পিপি নারাজি পিটিশন দেবেন।
দুই পক্ষের বক্তব্য শোনার পর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।