
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ উদ্যোগ বাধাগ্রস্ত করতে ‘দালাল মিডিয়া’ চেষ্টা করলেও তাঁকে থামানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ঢাকা-৬ আসনের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া পোস্টে ইশরাক হোসেন জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নিতে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান।
তাঁর ভাষ্য, সংগঠনটি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি তাদের কাছ থেকেও সহযোগিতা নেওয়া হবে। অত্যধিক ঘনবসতিপূর্ণ এই এলাকায় সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করার সুযোগ তৈরি হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
সাবেক প্রতিমন্ত্রী তাঁর পোস্টে অভিযোগ করেন, কয়েকটি পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যমসহ কিছু গণমাধ্যম তাঁর এই উদ্যোগ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করতে পারে। এ ধরনের প্রচেষ্টার সঙ্গে মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিরাও যুক্ত থাকবেন বলে মন্তব্য করেন তিনি।
ইশরাক লেখেন, একসময় এসব পক্ষ বিলুপ্ত হয়ে যাবে এবং তাঁরাই সফল হবেন—ইনশাআল্লাহ।
এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করে ইশরাক হোসেন লেখেন, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো ‘দালাল মিডিয়া গ্রুপ’ কিংবা অপরাধীরা তাঁকে থামাতে পারবে না।
তিনি অভিযোগ করেন, এসব গণমাধ্যম দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। এ কারণে তাদের বর্জন করে সামনে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্প্রতি অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযান চালানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েন ইশরাক হোসেন। ওই ঘটনার পর তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর এবার মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।