
জাতীয় নির্বাচনে জনগণের ভোট পাওয়ার পরও তা রক্ষা করতে না পারার ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, জনগণ তাঁদের জানিয়েছেন, তাঁরা ভোট দিলেও দলটি সেই ভোট রক্ষা করতে পারেনি। এ প্রসঙ্গে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন তিনি।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ভোটের অধিকার রক্ষায় নেতাকর্মীদের দিনরাত কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় নির্বাচনে যেসব ভুল হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সেসব অভিজ্ঞতা কাজে লাগালে এবার একই ভুল হবে না।
দলীয় সাংগঠনিক কার্যক্রমের অতীত পরিস্থিতি তুলে ধরে শফিকুর রহমান বলেন, একসময় ঢাকায় জামায়াতের সাংগঠনিক অবস্থা দুর্বল ছিল। ত্যাগ, কোরবানি ও পরিশ্রমের মাধ্যমে দলটি বর্তমান অবস্থানে এসেছে। তিনি বলেন, অন্যায় দেখেও তাঁরা আর নীরব থাকবেন না; সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকন পদ-পদবির বিষয় নয়, বরং জীবনের নীতি-নৈতিকতার মানদণ্ড। একে ক্ষমতা হিসেবে বিবেচনা করা ভুল হবে।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, রুকন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সংগঠনের সদস্যদের গুণগত মান ও শৃঙ্খলাও বাড়াতে হবে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৩ হাজারের বেশি রুকনের গোপন ভোটে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির হিসেবে পুনর্নির্বাচিত হন সেলিম উদ্দিন।
এ সময় আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান এবং নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলসহ অন্য নেতারা।