
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রত্যাশা জানান।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তাঁর ভাষায়, নাহিদ ইসলাম জামায়াতের একটি প্রক্সি সংগঠনের সভাপতি।
রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, যে জাতীয় সংসদে বিএনপি সরকারি দল হিসেবে অবৈধ, সেই সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কীভাবে বৈধ হন?
তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেখ হাসিনার সঙ্গে তুলনা করে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা উচিত ছিল।
রাশেদ খাঁনের বক্তব্য, পদত্যাগের আগেই নাহিদ ইসলাম বিএনপি সরকারকে অবৈধ বলে মন্তব্য করেছেন। তাই এ বক্তব্য দেওয়ার পরও তিনি পদত্যাগ না করলে তাঁর নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করে নাহিদ ইসলাম নৈতিকতার প্রমাণ দেবেন বলে আশা প্রকাশ করেন রাশেদ খাঁন। একই সঙ্গে পদত্যাগের পর রাজপথে জোরালো আন্দোলন গড়ে তুলে এনসিপি নিজেদের জনসমর্থনের প্রমাণ দেবে বলেও প্রত্যাশা জানান তিনি।