
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আল্লাহ তায়ালা ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন। শেখ হাসিনাও ভারতের সমুদ্রে ডুবে গেছেন। তাঁকে আর দেখা যায় না। তাঁর লোকজনের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে, তিনিও নাকি নানা বার্তা পাঠান। তবে তাঁদের দেওয়া বার্তাগুলো হিংস্র এবং রক্তপাত ঘটানোর বার্তা।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী লীগের কাছে অনেক টাকা রয়েছে। বাংলাদেশ ব্যাংক, মেট্রোরেল, পদ্মা সেতু ও বিভিন্ন মেগা প্রকল্প থেকে লুট করা অর্থ তাদের কাছে আছে। অনেকে বলছেন, একটি ককটেল বিস্ফোরণের জন্য বিকাশের মাধ্যমে ১০ থেকে ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে। টোকাই, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের এসব টাকা দেওয়া হয়।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, শেখ হাসিনার একটাই নেশা—প্রতিশোধ ও রক্তের নেশা। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তাঁর সেই নেশা কাটেনি। বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটানো হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
তবে এসব অগ্নিসন্ত্রাসের জবাবে বিএনপি সহিংসতার পথ বেছে নেয়নি বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে নিষ্ঠুরভাবে এসব কর্মকাণ্ড দমন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যারা মানুষের রক্ত চুষে নিচ্ছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, সংসদে আইন করা উচিত যে আওয়ামী লীগ জাতীয় শয়তান এবং তাদের বিষয়ে এ ধরনের আইন থাকতে হবে। শয়তানের কোথাও কোনো জায়গা নেই। ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে সম্পদের মালিক হয়েছেন শেখ হাসিনা। যারা জনগণের সঙ্গে শত্রুতা করেছে, নতুন করে এ দেশে তাদের রাজনীতি করার সুযোগ নেই।