
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮–এর বিচারক মো. আব্দুল মোক্তাদির তার জামিন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন জানান, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় তারা জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তোফায়েলের জামিনের আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের জানুয়ারি মাসে ভুক্তভোগী তরুণীর সঙ্গে তোফায়েলের পরিচয় হয় ফেসবুকে। পরে ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে তোফায়েল প্রেমের প্রস্তাব দিলে তরুণী তা প্রত্যাখ্যান করেন। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তিনি সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ৩১ জানুয়ারি ঘোরার কথা বলে ওই তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে যান তোফায়েল এবং সেখানে তাকে ধর্ষণ করেন। পরে শিগগিরই বিয়ে করবেন—এমন আশ্বাস দিয়ে তিনি আরও কয়েকবার ‘ধর্ষণ’ করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী তরুণী ১ আগস্ট গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, মামলা দায়েরের পর বাংলাদেশ ‘এ’ দলের এই ক্রিকেটার উচ্চ আদালত থেকে আগেই জামিন পেয়েছিলেন। রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণের পর নতুন করে জামিন পেলেন তিনি।