
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে অপরিচিত একটি ফোন নম্বর থেকে কল করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম আকন্দ। এর আগে শনিবার রাতে পীরগাছা থানায় জিডিটি দায়ের করা হয়। আখতার হোসেন রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তিনি পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় একটি অজ্ঞাত মোবাইল নম্বর (০১৭৭৪৫৬৬৭৫৯) থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, হুমকিদাতা নিজের পরিচয় প্রকাশ না করেই ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। এতে আখতার হোসেনের বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনগত সুরক্ষার জন্য তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, “বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এদিকে আখতার হোসেন অভিযোগ করে বলেন, “সারাদেশের মতো আমার নির্বাচনী এলাকাতেও শাপলা কলির নেতাকর্মীদের প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করেই আমরা নতুন বাংলাদেশের পথে এগিয়ে এসেছি। ভয়ভীতি, হুমকি কিংবা প্রাণনাশের আশঙ্কা দেখিয়ে এই আন্দোলন থামানো যাবে না।”