
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে “ভালো হয়ে যাওয়ার” পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তাহলে তার উচিত হবে নয়নকে চুপ করানো। নয়ন যত বেশি কথা বলবে, মির্জা আব্বাসের ভোট তত কমে যাবে।”
নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আমার বাসার সামনে অনেকেই মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে। এতে আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন।”
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “প্রশাসনকে বলবো—আমার পরিবার ও আমার নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করতে।”
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী কার্যালয়ে যান রবিউল ইসলাম নয়ন। সেখানে তিনি নাসীরুদ্দীনের বাসার ঠিকানা জানতে চান।
এ প্রসঙ্গে নয়ন বলেন, “আমি এই এলাকারই লোক। নাসীরুদ্দীন পাটওয়ারী যেহেতু এখানকার প্রার্থী, তাই তার বাসার ঠিকানা জানা দরকার। যদি তিনি আমার প্রতিবেশী হন, তাহলে জানাশোনার মধ্যেই থাকবেন।”
তিনি আরও বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী যদি সংসদ সদস্য হন, ভবিষ্যতে কোনো সমস্যায় তার কাছে যেতে হতে পারে। সেবা নেওয়ার প্রয়োজন হতে পারে বলেই ঠিকানাটা জানতে চেয়েছি।”
এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে ‘হক ক্যাসেল’ ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, প্রশাসনের ঊর্ধ্বতন মহলে কিছু প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।
মির্জা আব্বাস বলেন, “আমি শুনেছি সরকারের একটি মহল নির্দিষ্ট কিছু প্রার্থীর তালিকা তৈরি করেছে, যাদের যেকোনো মূল্যে জয়ী করাতে হবে। প্রশাসনের কিছু কর্মকর্তার আচরণেও পক্ষপাতিত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কয়েকজন প্রার্থী এমনভাবে কথা বলছেন, যেন তারা আগেই জিতে গেছেন।”তিনি আরও বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হলেও ভেতরে ভেতরে যে পক্ষপাত চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক।”