.jpg)
পিসিবি ও আইসিসির টানাপোড়েন, বয়কটের ঘোষণা, কূটনৈতিক অনুরোধ—সব নাটকীয়তা পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। তবে মাঠে নামার আগেই নতুন শঙ্কা—বৃষ্টি কি ভাসিয়ে দেবে বহুল প্রতীক্ষিত এই লড়াই?
শুরুর দিকে দ্বিপাক্ষিক বিরোধের জেরে এই ম্যাচ আয়োজনই অনিশ্চিত হয়ে পড়ে। ভারতে খেলতে রাজি না হওয়ায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে বাদ দেয়। এর প্রতিবাদে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পরে বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পিসিবি।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তবে ম্যাচটি ঘিরে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে আবহাওয়াজনিত কারণে।
গত শনিবার থেকে কলম্বোয় অনুষ্ঠিত কোনো ম্যাচে বৃষ্টি না হলেও রোববারের (১৫ ফেব্রুয়ারি) লড়াইয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী এক ব্যতিক্রমী মন্তব্য করেছেন।
ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাবনা নিয়ে এ-স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি দোয়া করি আল্লাহ যেন বৃষ্টিতে ম্যাচটা ভাসিয়ে দেন।’
তবে পাকিস্তানের হার এড়াতে এমন মন্তব্য নয় বলে ধারণা করা হচ্ছে। বরং তার চাওয়া, দুই দলই যেন একটি করে পয়েন্ট পায়।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববার কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭৫ শতাংশ। সন্ধ্যায় তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ। প্রায় ২.৪ মিলিমিটার বৃষ্টি ম্যাচ আয়োজনকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা রয়েছে। যদিও আবহাওয়া পরিষ্কার থাকলে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে।