
বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান সোবহানা মোস্তারি জায়গা করে নিয়েছেন আইসিসি–এর জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়।
গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ নারী দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। পাশাপাশি অফ স্পিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও নেন।
মাসসেরার দৌড়ে সোবহানার সঙ্গে রয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের পেসার টারা নরিস।
গ্যাবি লুইস জানুয়ারিতে ৬ টি-টোয়েন্টিতে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেন। বিশ্বকাপ বাছাইপর্বে মোট ২৭৬ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে শেষ করেন তিনি এবং তার দলও মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
অন্যদিকে বাঁহাতি পেসার টারা নরিস বিশ্বকাপ বাছাইপর্বে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন। জানুয়ারিতে ৬ ম্যাচে তার ঝুলিতে আসে ১১ উইকেট। তবে তার দল শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি।
২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। এবার দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেই সম্মান জয়ের দৌড়ে রয়েছেন সোবহানা মোস্তারি।
তার সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ভক্ত-সমর্থকদের প্রত্যাশা, আইসিসির বিশেষ স্বীকৃতিও হয়তো এবার তার ঝুলিতেই উঠবে।