
২০২৪ সালের পর থেকে জাতীয় দলের জার্সি পরেননি সাকিব আল হাসান। মামলার কারণে দেশের মাটিতেও ফিরতে পারেননি। একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত আসলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল তাকে। এখন আবারও আলোচনায় সাবেক বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসানের দেশে ফেরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিসিবির একজন পরিচালক জানান, “সাকিবের মামলার ফাইল সচিবালয়ে পাঠানো হবে। আজকে ক্রীড়া প্রতিমন্ত্রীকে বিষয়টি ব্রিফ করা হয়েছে। ওনি বলেছেন, ফাইলটা সচিবকে দিয়ে দিতে। আগামীকাল এটি সচিব বরাবর পৌঁছে যাবে, এটুকুই আপডেট।”
এর আগে শনিবার গণমাধ্যমে মুখোমুখি হয়ে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, “সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই।”
তিনি আরও যোগ করেন, “ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের দায়িত্ব, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করছি খুব দ্রুতই আপনারা সুখবর পাবেন।”