
রোমাঞ্চ, উত্তেজনা আর নাটকীয়তায় ভরা এক লড়াইয়ে ভারতকে রুখে দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ১-১ গোলের এই ড্রই লাল-সবুজদের গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করেছে। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল।
শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল গ্রুপসেরা হওয়ার নির্ধারণী লড়াই। পাকিস্তানকে হারিয়ে আগেই দুই দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল, তবে শীর্ষস্থান নিশ্চিত করতে বাংলাদেশের জন্য জয় ছিল অপরিহার্য।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখা যায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে। তবে ১৭ মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। গোল হজমের পর সমতায় ফেরার জন্য আরও আক্রমণ বাড়ায় বাংলাদেশ। একের পর এক সুযোগ এবং কর্নার পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি নাজমুল হুদা ফয়সালরা।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের উত্তেজনা নতুন মাত্রা পায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে একটি ফাউলকে ঘিরে ডাগআউটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। চতুর্থ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে ভারতের হেড কোচ মহেশ গাউলি হলুদ কার্ড দেখেন। একই সময়ে ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বাংলাদেশের কোচ মার্ক কক্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান।
এই উত্তেজনার মধ্যেই প্রথমার্ধের যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। কর্নার থেকে রোনান সুলিভানের বাড়ানো বল দারুণ ভলিতে জালে জড়ান রিয়াদ ফাহিম। তার গোলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি ও চাপ কমেনি। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ৬৩তম মিনিটে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান গোলরক্ষক ইসমাইল হোসেন। ভারতের ওমাং দোদুম দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিতে গেলে দ্রুত এগিয়ে এসে বল কর্নারের বিনিময়ে রুখে দেন তিনি।
এর কিছুক্ষণ পর বক্সের বাইরে স্যামসনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের গোলদাতা ফাহিম। তবে ভারতের নেওয়া ফ্রি-কিক বাংলাদেশের রক্ষণভাগে লেগে বাইরে চলে গেলে বিপদ কেটে যায়।
শেষ দিকে জয়সূচক গোলের খোঁজে চাপ বাড়ায় বাংলাদেশ, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর পাওয়া যায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। এই ফলেই গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, যেখানে নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়াই এখন লক্ষ্য লাল-সবুজদের।