
পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে কাঁধের চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। ফিল্ডিংয়ের সময় কাঁধে গুরুতর আঘাত পাওয়ার পর তার লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে পরীক্ষায় নিশ্চিত হয়েছে। লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে আহত হন ইমন। সঙ্গে সঙ্গেই তাকে মাঠ ছাড়তে হয়। পরে কাঁধের অবস্থা বিবেচনায় এমআরআই করা হলে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
চোটের তীব্রতার কারণে চিকিৎসকেরা তাকে কয়েক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে চলতি পিএসএলে আর মাঠে ফেরা হচ্ছে না তার।
আসরের শুরুটা ভালো না হলেও তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান ইমন। লাহোরের হয়ে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে রান না পেলেও তৃতীয় ম্যাচে খেলেন ৪৫ রানের ঝলমলে ইনিংস। সব মিলিয়ে তিন ম্যাচে ৭১ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৬১.৩৬।