
টানা দ্বিতীয় মৌসুম কোনো শিরোপা ছাড়াই শেষ করেছে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে হারের পর লা লিগার শিরোপা দৌড় থেকেও ছিটকে পড়ে দলটি। এমন হতাশার আবহেই এবার সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।
বৃহস্পতিবার (১৪ মে) ওভিয়েদোর বিপক্ষে লা লিগার ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন এমবাপে। পরে বদলি হিসেবে মাঠে নামার সময় গ্যালারির একাংশ থেকে দুয়ো ও শিসের শব্দ শোনা যায়। সাম্প্রতিক সময়ে ক্লাবের প্রতি তাঁর প্রতিশ্রুতি ও মনোযোগ নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। সেই ক্ষোভই মাঠে প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এমবাপেকে ঘিরে সমালোচনা বেড়েছে। ‘এমবাপে আউট’ নামে একটি অনলাইন পিটিশনও ছড়িয়ে পড়ে, যেখানে বিপুল সংখ্যক সমর্থকের সাড়া পাওয়ার দাবি করা হয়।
তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিক ছিলেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে ৪১ ম্যাচে ৪১ গোল করেছেন তিনি। কিন্তু দলগত সাফল্য না থাকায় সেই পারফরম্যান্স সমর্থকদের হতাশা কমাতে পারেনি।
বিশেষ করে বার্সেলোনার কাছে এল ক্লাসিকোয় ২-০ গোলে পরাজয়ের পর সমর্থকদের ক্ষোভ আরও তীব্র হয়। এর মধ্যেই ইনজুরির সময় সার্ডিনিয়ায় ছুটি কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মাত্রা বাড়ে।
থাই ইনজুরি কাটিয়ে ওভিয়েদোর বিপক্ষে ম্যাচেই প্রথম মাঠে ফেরেন এমবাপে। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তিনি জানান, সমর্থকদের হতাশা তিনি বুঝতে পারেন এবং পেশাদার ফুটবলার হিসেবে এমন পরিস্থিতি মেনে নিয়েই এগিয়ে যেতে হয়।