
নকআট পর্বে আজ (সোমবার) এশিয়ার পরাশক্তি জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে আগের ম্যাচের একাদশে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা দেখছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে চোট কাটিয়ে ফেরা নেইমার জুনিয়রকে আগের চেয়ে বেশি সময় মাঠে দেখা যেতে পারে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগের ম্যাচে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে এবার দীর্ঘ সময় মাঠে থাকার মতো অবস্থায় আছেন বলে জানান ব্রাজিল কোচ।
একাদশ নিয়ে নির্দিষ্ট কিছু না বললেও আনচেলত্তি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, দলে খুব বেশি পরিবর্তন আসছে না। তার ভাষায়, শেষ অনুশীলনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি জাপানকে শৃঙ্খলাবদ্ধ ও কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, ম্যাচে পূর্ণ মনোযোগ ধরে রাখতে হবে।
সবশেষ স্কটল্যান্ডের বিপক্ষে যে দল খেলেছিল, সেই একাদশের বেশির ভাগ খেলোয়াড়ই আবার মাঠে নামতে পারেন। বিশেষ করে রক্ষণ, মধ্যমাঠ ও আক্রমণভাগে আনচেলত্তি নিজের পছন্দের সমন্বয় খুঁজে পেয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। চোটে পড়ার আগে প্রত্যাশা পূরণ করতে না পারা রাফিনিয়ার জায়গায় সুযোগ পেয়ে রায়ান প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে, আগের ম্যাচে বদলি হিসেবে নামা নেইমার এবার আরও বেশি সময় খেলতে পারেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।
পরিসংখ্যান বলছে, দুই দলের ১৪ দেখায় ১১টিতেই জয় পেয়েছে ব্রাজিল। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর জাপানের জয় মাত্র একটি। তবে সেই একমাত্র জয়টি এসেছে সর্বশেষ দেখায়। ২০২৫ সালের অক্টোবরে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেটিই ব্রাজিলের বিপক্ষে জাপানের সর্বোচ্চ গোলের ম্যাচ।