
বিশ্বকাপ থেকে জার্মানির অপ্রত্যাশিত বিদায়ের পর দেশটির ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বর্তমান কোচ জুলিয়ান নাগেলসম্যানকে সরিয়ে দেওয়া হলে জার্মানি জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন ইয়ুর্গেন ক্লপ।
বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। হতাশাজনক এই ফলের পর থেকেই নাগেলসম্যানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। তবে নিজের অবস্থানে অনড় রয়েছেন জার্মান কোচ।
ম্যাচ শেষে নাগেলসম্যান বলেন, "আমি পদত্যাগ করছি না। ২০২৮ ইউরো পর্যন্ত আমার চুক্তি রয়েছে।"
প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ক্লপের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহও দেখিয়েছেন সাবেক লিভারপুল কোচ। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণকে তিনি নিজের কোচিং ক্যারিয়ারের অন্যতম বড় লক্ষ্য হিসেবে দেখছেন।
২০২৪ সালের মে মাসে প্রায় নয় বছর দায়িত্ব পালনের পর লিভারপুলের কোচের পদ ছাড়েন ক্লপ। সে সময় তিনি ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি ও দীর্ঘ সময়ের চাপের কারণে শারীরিক ও মানসিক ক্লান্তির কথা উল্লেখ করেছিলেন।
তবে জার্মানির দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে একটি শর্তও দিয়েছেন এই জার্মান কোচ। জাতীয় দলের প্রচলিত ব্যবস্থার মতো প্রতি সপ্তাহে স্টেডিয়ামে গিয়ে ঘরোয়া লিগের ম্যাচ সরাসরি পর্যবেক্ষণে আগ্রহী নন তিনি। বরং সহকারী কোচ ও স্কাউটিং দলের মাধ্যমে খেলোয়াড়দের মূল্যায়ন এবং বিশ্লেষণভিত্তিক আধুনিক কাঠামোয় কাজ করতে চান ক্লপ, যাতে তাকে নিয়মিত ভ্রমণ করতে না হয়।