
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ৬০০ কেজি হাঁড়িভাঙা ও আম্রপালি আম পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে এসব আম আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিষয়টি জানা যায়। এর আগে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ১২০টি কার্টনে রাখা ৬০০ কেজি আম বহনকারী একটি কাভার্ডভ্যান আখাউড়া স্থলবন্দর অতিক্রম করে আগরতলা স্থলবন্দরে পৌঁছায়। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিংয়ের কাজ সম্পন্ন করে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।
স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিবছরের মতো এবারও শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বাংলাদেশ থেকে আম পাঠানো হয়েছে। একইভাবে ত্রিপুরা রাজ্য সরকারও বাংলাদেশকে শুভেচ্ছা উপহার হিসেবে তাদের বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস পাঠিয়ে থাকে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার ৬০০ কেজি হাঁড়িভাঙা ও আম্রপালি আম পাঠানো হয়েছে।
স্থলবন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে বলেন, দুই দেশের শূন্যরেখা থেকে ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তারা আমগুলো গ্রহণ করেছেন। পরে সেখান থেকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে সেগুলো পৌঁছে দেওয়া হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাজীব আহমেদ ভূঁইয়া একটি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য ৬০০ কেজি হাঁড়িভাঙা এবং আম্রপালি আম আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে পাঠানো হয়েছে। হাইকমিশন থেকে আমগুলো রাজ্যের বিভিন্ন দফতরে পাঠানোর কথা রয়েছে।’