
বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ (১ জুলাই)। বিশেষ এই দিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়েও তাকে ঘিরে চলছে শুভেচ্ছার আয়োজন।
জন্মদিন উপলক্ষে অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। ছবিতে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে জয়ার হাতে ফুল তুলে দিতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান, একজনই।’ বন্ধুর এমন শুভেচ্ছার জবাবে জয়া লিখেছেন, ‘ভালোবাসা বন্ধু।’
এদিকে জয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাও ভক্তদের শুভেচ্ছা বার্তায় মুখর হয়ে উঠেছে। দীর্ঘ অভিনয়জীবনে তিনি যেমন দর্শকের ভালোবাসা অর্জন করেছেন, তেমনি সহকর্মীদের কাছেও হয়ে উঠেছেন শ্রদ্ধা ও ভালোবাসার একজন মানুষ।
জন্মদিনের এই বিশেষ সময়েও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জয়া আহসান। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি। এর আগে ‘অর্ধাঙ্গিনী’ ছবির সাফল্যের পর নতুন এই সিনেমাটি নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বর্তমানে ছবিটির প্রচারণার কাজে কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী।