
বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন জয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। তবে মাঠে শতভাগ সফলতা ধরে রাখলেও ফিফার লাইভ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এক ধাপ পিছিয়ে এখন দুই নম্বরে অবস্থান করছে লিওনেল মেসির দল।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায়। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ এবং জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নেয় তারা। তবে এই তিন জয়ের পরও দলের রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন আসেনি। জর্ডান ম্যাচ শেষে তাদের পয়েন্ট ছিল ১৯০৭.৪০, যা এখনও অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে সাম্প্রতিক পারফরম্যান্সে পয়েন্ট বাড়িয়ে শীর্ষস্থানে উঠে গেছে ফ্রান্স। এর ফলেই দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে আর্জেন্টিনাকে।
লাইভ র্যাঙ্কিংয়ে স্পেনও এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছে। যদিও তাদের রেটিং পয়েন্টে পরিবর্তন হয়নি। ডিআর কঙ্গোর বিপক্ষে ২-১ গোলের জয়ের পর অতিরিক্ত ১০.৫০ পয়েন্ট অর্জন করেও চতুর্থ স্থানেই রয়েছে ইংল্যান্ড।
পঞ্চম থেকে সপ্তম স্থানে যথাক্রমে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস নিজেদের অবস্থান ধরে রেখেছে। অষ্টম স্থানে রয়েছে পর্তুগাল। অন্যদিকে চার ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে মেক্সিকো।
গ্রুপ পর্ব শেষ করে এখন নকআউট পর্বের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আগামী শনিবার শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে।
আফ্রিকার দলটি ইতোমধ্যেই টুর্নামেন্টে চমক দেখিয়েছে। গ্রুপ পর্বে তারা স্পেনকে রুখে দিয়েছে, উরুগুয়ের বিপক্ষে দুই গোল করে ড্র করেছে এবং সৌদি আরবের বিপক্ষেও পরাজয় এড়িয়েছে।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আশাবাদী কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসও। তার বিশ্বাস, ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে পারে তার দল। তার মতে, এই ম্যাচে কেপ ভার্দের হারানোর কিছু নেই; বরং নিজেদের সামর্থ্য প্রমাণ করে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে তাদের সামনে।